দুঃসময়ের ভাবনা

মাঝে মাঝে যেন পাই মরণের আলিঙ্গন,
মনে হয়, এই বুঝি সব শেষ।
হতাশার শকুনেরা ঘিরে ধরে চারিধার।
কিছুই হলো না করা, যা কিছু করার ছিল;
কিছুই হলো না বলা, যা কিছু বলার ছিল।

চাইনি তো আমি খুব বেশি কিছু,
সবাই যা চায়, ছুটে নিরন্তর যার পিছু,
চাইনি তো কভু তেমন কিছু।
শুধু দুচোখ জুড়ে স্বপ্ন ছিল—
রেখে দিয়ে যাব খানিক পদচিহ্ন
পৃথিবীর বুকে, যাতে অনাদিকালের মানুষ
হয়তো একটু কৌতূহল ভরে জিজ্ঞাসিবে,
“এ কাহার পথচলা, কে সেই পথিক!”

গুরুর কথা শিরোধার্য মেনে
এই কণ্টকাকীর্ণ ধরণীর পথ হতে
দু-একটি কাঁটা দূর করে দিয়ে ছুটি নেব—
এর চেয়ে বেশি কিছু চাইনি তো কভু।

তবু ক্ষমা করো, প্রভু,
ভুল যদি করে থাকি কিছু,
যদি এই চাওয়া হয় খুব বেশি কিছু।
পাই কি বা না পাই কিছু, এই জীবনরথে
সবাই যে যাবে, যেতে হবে একই পথে।
—————
হাসান ক্লিনিক, ঝিনাইদহ ।। ১২.৫.১৮