নির্ঘুম এক রাতের গল্প

গত রাতে ঘুমোতে পারিনি একটুও,
বিছানায় শুয়ে শুধু ছটফট করেছি।
যন্ত্রণার শকুনেরা ছিঁড়ে খেয়েছে হৃদপিণ্ড,
আমি নিষ্প্রাণ পাষাণের মতো
নীরবে সয়েছি সব যন্ত্রণা, নীলকণ্ঠ হয়ে।

অথচ কেউ কিছুই জানতে পারেনি—
না কোনো মানুষ, না কোনো নিশাচর,
না ফুল, না পাখি, না বৃক্ষরাজি।

হয়তো সুখের খেয়ায় ভেসে স্বর্গ ছুঁয়েছে সবাই,
প্রকৃতির সকল কর্ম চলেছে যথারীতি।
সারারাত আকাশে উঠেছিল পূর্ণচাঁদ,
নক্ষত্রের মেলাও বসেছিল নিয়মমতো।
প্রাত্যহিক নিয়মে এসেছে আরেকটি ভোর,
ভোরের পাখিরা তুলেছে কূজন,
পূর্বাকাশে উঠেছে রাঙা রবি,
কোথাও ছিল না এতটুকু বিষাদের ছাপ।

শুধু আমার দু’চোখ জুড়ে রাজ্যের ক্লান্তি—
“ক্লান্তি, আমারে ক্ষমা করো প্রভু।”
—————-
ঝিনাইদহ। ১৭.১১.২০১৭