নরকতুল্য এই দুনিয়ায় বাঁচতে চাই না বলে
অবলীলায় নিজেকে হনন করে চলি প্রতিদিন—
অযত্নে, অবহেলায়, আলসেমিতে।
ক্রমাগত ধেয়ে চলি মহাজীবনের পানে,
কারণ, কী হবে বেঁচে থেকে পশুদের মতো?
কতটা জরুরি ছিল আমার এই মানবজনম,
কিংবা এই জগতের লক্ষকোটি জীব?
কেন যে জনম লয়, আবার মরণ হয়,
মাঝখানে কত না লড়াই-সংগ্রাম জীবনভর!
এই লড়াইয়ে নিরন্তর যন্ত্রণা আছে,
আঘাত আছে, প্রত্যাঘাত আছে;
আঘাতে আঘাতে জর্জরিত হয়ে
ব্যথা-বেদনায় কুঁকড়ে যাওয়া আছে,
আর আছে অনুক্ষণ মৃত্যুর হাতছানি।
এত কিছুর মাঝেও বেঁচে থাকার আনন্দ আছে—
হঠাৎ আলোর ঝলকানির মতো।
ক্ষণস্থায়ী লড়াই জেতার আনন্দ-সুখ আছে,
সেই সুখের মায়ায়, স্বজনের ভালোবাসায়,
বেঁচে থাকার প্রাণপণ চেষ্টাও আছে—
এই তো মায়াময় মানবজীবন।
ময়মনসিংহ ।।
