ভাল্লাগে না আর এই অশান্ত জনপদ,
আমি সেথায় যেতে চাই—
যেখানে নেই কোনো কোলাহল,
কলকব্জার বিকট নিনাদ, খটর খট, খটর খট,
যন্ত্রদানবের ভোঁ-ভোঁ আওয়াজ,
আর বিভৎস কালো ধোঁয়া,
সীমাহীন দখল, দূষণ, অনাচার।
ভাল্লাগে না এই নিরস যান্ত্রিক সভ্যতা।
আমি সেথায় যেতে চাই—
যেখানে স্বার্থের পিছে নিরন্তর ছুটোছুটি নেই,
লোভ নেই, লালসা নেই,
ক্রোধ নেই, জিঘাংসা নেই,
যেখানে বারুদের উগ্র গন্ধ নেই,
অশান্তির তপ্ত হাওয়া নেই,
ইট-পাথরের নির্মম দেয়াল নেই।
আমি সেথায় যেতে চাই—
যেখানে অর্থ নেই, বিত্ত নেই,
অর্থ-বিত্তের পিছে উন্মত্ত ছুটোছুটি নেই;
যেখানে কান্না নেই, অশ্রু নেই,
যেখানে সন্ত্রাস নেই, রক্তঝরা নেই,
যেখানে খাদ্যহীনতা নেই, পুষ্টিহীনতা নেই,
খাদ্য নিয়ে মধ্যস্বত্বভোগীর রাহাজানি নেই,
যেখানে শোষক নেই, শোষিতের আহাজারি নেই,
যেখানে মিথ্যে নেই, ভণ্ডামি নেই।
আমি সেথায় যেতে চাই—
যেথায় ঊর্ধ্বে উদার নীল আকাশ,
নিম্নে ঘনঘাসে ঢাকা শ্যামল জমিন;
নির্জন নিস্তব্ধতায় ভেসে আসে
দূর বনানী থেকে পাখির কূজন।
গোধূলির আলোয় ভরা চারিধার,
দখিন হাওয়া বয়ে আনে
মাতাল করা কুসুমসুবাস।
আমি সেথায় যেতে চাই চিরতরে,
যেন আর ফিরে না আসি।
————————-
ময়মনসিংহ। ১১/১/১৯৯৪
