আমি সেথায় যেতে চাই
ভাল্লাগেনা আর এই অশান্ত জনপদে।
আমি সেথায় যেতে চাই
যেখানে নেই কোন কোলাহল
কলকব্জার বিকট নিনাদ খটর খট, খটর খট
যন্ত্রযানের ভো ভো আওয়াজ
আর বিভৎস্ কালো ধোঁয়া
সীমাহীন দখল, দুষণ, অনাচার।
ভাল্লাগেনা এই নিরস যান্ত্রিক সভ্যতা।
আমি সেথায় যেতে চাই
যেখানে স্বার্থের পিছে নিরন্তর ছুটাছুটি নেই
লোভ নেই লালসা নেই
ক্রোধ নেই, জিঘাংসা নেই
যেখানে বারুদের উগ্র গন্ধ নেই
অশান্তির তপ্ত হাওয়া নেই
ইট-পাথরের নির্মম দেয়াল নেই।
আমি সেথায় যেতে চাই
যেখানে অর্থ নেই, যেখানে বিত্ত নেই
অর্থ-বিত্তের পিছু নিরন্তর ছুটোছুটি নেই
যেখানে কান্না নেই, যেখানে অশ্রু নেই
যেখানে সন্ত্রাস নেই যেখানে রক্তঝরা নেই
যেখানে ডাস্টবিনে খাবার নিয়ে
মানুষ আর কুকুরে কাড়াকাড়ি নেই
যেখানে শোষক নেই, শোষিতের আহাজারি নেই
যেখানে মিথ্যে আর ভন্ডামি নেই।
আমি সেথায় যেতে চাই
যেথায় উর্ধ্বে উদার নীলাকাশ
নিম্নে ঘণঘাসে ফাকা শ্যামল জমিন
নির্জন নিস্তব্ধতায় ভেসে আসে
দূর বনানী থেকে পাখির কুজন
গোধুলির আলোয় ভরা সারাক্ষণ
দখিন হাওয়া বয়ে আনে
মাতাল করা কুসুম সুভাস
আমি সেথায় যেতে চাই চিরতরে
যেন আর ফিরতে না হয় কোনকালে কোন ছলে।
————————-
ময়মনসিংহ; ১১/১/১৯৯৪