Aug 8, 2025 | কবিতার খাতা
আমার তো আছেই উলম্ব দেহের গড়ন,
চলি দুই পায়ে, আছে দুটি হাত,
খাই না তো লতা-গুল্ম-ঘাস,
আছে হাসি-ক্রন্দন, আছে প্রেমময় মন,
আছে বুকভরা আশা, দু’চোখে স্বপন,
আমি বাঁধি ঘর, লয়ে আপনজন।
জ্ঞান-গরিমা, বুদ্ধিতে আমিই জীবশ্রেষ্ঠ।
একদা অসহায় এই আমারই দর্পে আজ
বিশাল ডাইনোসর থেকে সর্প-বিষধর,
সিংহ, ব্যাঘ্র—যত হিংস্র চতুষ্পদ,
দিনে দিনে হচ্ছে বিলীন, অন্তরীণ।
গোটা জীবজগৎ, ভূ-মণ্ডল আজ
লুটায় আমারই যুগল পদতলে।
এ ধরাভূমে আমিই শ্রেষ্ঠ, আমিই সত্য,
সর্বত্র আমারই একচ্ছত্র আধিপত্য।
জগতের যা কিছু সম্পদ—স্থাবর, অস্থাবর,
সব আমারই ভোগ্য, আমারই সব।
মানুষ হয়েছি আমি, গড়েছি নাকি সভ্যতাও।
তবুও তোমরা যে বলো মানুষ হতে—
মানুষ হওয়া কারে বলে, কোন পথে?
—————–
ঝিনাইদহ ।।
Aug 8, 2025 | কবিতার খাতা
বড় নির্মম এই বেঁচে থাকা
মনুষ্যরূপ ধরে চতুষ্পদ জন্তুর মতো,
জীবনভর কাড়াকাড়িতে উদরপূর্তি,
যৌন তাড়নায় বংশবিস্তার,
অতঃপর একদিন সবকিছু পেছনে ফেলে
নিভৃতে নীরব প্রস্থান—
এই তো ক্ষণিকের জীবন।
বড় অসহ্য এ বেঁচে থাকা।
নিজের স্বার্থে গড়া পরাবাস্তবতার ভাগাড়ে
মনুষ্যের পরমধন বিবেকটাকে
আস্তাকুঁড়ে ছুড়ে ফেলে একাকার হয়ে যাও
বিবেকহীন হিংস্র পশুর কাতারে।
আর যদি তা না পারো,
মানুষ হওয়ার ইচ্ছেটা যদি হয় বড়,
তবে অবধারিতভাবেই আসবে নেমে
নির্মম গঞ্জনা, যন্ত্রণা সারা জীবনভর—
বড্ড নির্মম এভাবে বেঁচে থাকা।
ঝিনাইদহ ।।
Aug 8, 2025 | কবিতার খাতা
বাম থেকে ডানে
পাতাল থেকে ঊর্ধ্ব গগনে
আমি ছুটে চলি নিরন্তর
সত্যের সন্ধানে সারা জীবনভর।
সত্যপথের দেখা কভু নাহি পাই,
সত্যপথ কি তবে এ ধরায় নাই?
সবই কি তবে গোলকধাঁধা,
তবে কি বৃথাই সত্যসাধা!
যা সত্য তোমার তরে,
আমার তা মনে না ধরে।
আমি যা মানি সত্য বলে,
সে সত্যে তোমার নাহি চলে।
তাই তো জগতে শত শত মত,
তাই তো ছড়িয়ে আছে কত শত পথ।
এসব পথ ও মত মিলে না এক হয়ে,
তবুও সত্যের পিছে মিছে মরি ধেয়ে।
————–
ময়মনসিংহ; ৮.৭.২০
Aug 8, 2025 | কবিতার খাতা
কে জানে আর একজন ভুক্তভোগীর মতো
কপর্দকশূন্যতার যন্ত্রণা
কতটা তীব্র, কতটা বেদনাময়।
তুমি যদি বিষয়ী আর চতুর না হও,
কপর্দক যদি না হয় তোমার ক্ষুধা,
তুমি কপর্দকশূন্য হবে নিশ্চিত;
আর তখনই আসবে নেমে
রাজ্যের গঞ্জনা তোমার নিয়তি জুড়ে।
তোমার স্বপ্ন, তোমার আশা—
নিরাশার চোরাবালিতে তলিয়ে যাবে সব।
তুমি যদি ত্যাগী হও, থাকে সৃষ্টির নেশা,
যতদিন সফল না হবে,
লড়াইটা নিতান্তই একেলার রবে;
ছেড়ে যাবে সবাই, রয়ে যাবে দূরে।
হয়তো তোমার অপার ত্যাগে
যদি মেলে কল্যাণ, সার্বজনীন কল্যাণ,
তবে হয়তো মিলবে গোটাকয় হাততালি।
———————–
ময়মনসিংহ। ৭.৭.২০
Aug 8, 2025 | কবিতার খাতা
প্রতি প্রাতে ভাবি যেন
এলো বুঝি শেষ দিন,
প্রতি রাতে স্বস্তি মেলে—
ভালোই গেল একটি দিন।
দিন যায়, দিন আসে,
আশাময় বা আশাহীন,
রুদ্ধশ্বাসে কাটে সময়—
এভাবে আর কতদিন!
এই পৃথিবীর রঙ্গমঞ্চ
সাঙ্গ হবেই একদিন,
এত ভেবে লাভই বা কী—
বাঁচব নাকো চিরদিন।
কেন এলাম, কেন গেলাম,
মেলে না তো হিসাব তার;
নিরুত্তর সেই প্রশ্ন বুকে
বয়ে যাই জীবনভার।
—————-
করোনাকাল, ময়মনসিংহ ।। ১৮/৬/২০